কালিয়ায় স্কুলছাত্রী অপহৃত, ৭ জনের বিরুদ্ধে মামলা

স্কুলে যাওয়ার পথে নড়াইলের কালিয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার বাঐসোনা গ্রামের রাস্তায় ঘটেছে ঘটনাটি। ওই ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তবে ওই অপহরণের প্রকৃত কারণ জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।  
      
পুলিশ জানায়, ওই দিন সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বাঐসোনা গ্রামের ছিদ্দিক শিকদারের ছেলে মোর্শেদ শিকদারের নেতৃত্বে ৬/৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত বাঐসোনা গ্রামের রাস্তা থেকে তাকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে পালিয়ে যায়। ওই ঘটনায় অপহৃতার বাদী হয়ে মোর্শেদসহ ৭ জনকে আসামি করে উপজেলার নড়াগাতি থানায় মামলা দায়ের করেছেন। 
 
নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেছেন, ওই ঘটনায় নড়াগাতি থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে