আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, শুধু বিএনপি-জামায়াত নয়, ঘুষখোর-দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী, জঙ্গিসহ দেশের সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করে যাবে ১৪ দল। বাংলাদেশকে অন্যতম শান্তির দেশে পরিণত করা হবে। এর অংশ হিসেবে আগামী ২৬ এপ্রিল রাজধানীর মতিঝিলে অভিভাবক সমাবেশ করবে ১৪ দল।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এদের কঠোর শাস্তি দিতে হবে। এ ঘটনায় মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দানকারীরা আওয়ামী লীগার নয়, এরা তথাকথিত আওয়ামী লীগার। দলের দুর্নাম ও ক্ষতি করতেই তারা এসেছে। অতি উত্সাহী না হতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপকর্মে জড়িত দুর্বৃত্তদের আশ্রয় দিবেন না। বিএনপির উদ্দেশে বলেন, আগামী ২৯ এপ্রিল ডেটলাইন। এই সময়ের মধ্যে সংসদে না আসলে আম-ছালা দুটোই হারাবে বিএনপি। তাই সাহস থাকলে সংসদে এসে কথা বলুন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, মুজিবনগর দিবস যারা পালন করে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আজ উগ্র সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। উগ্র সাম্প্রদায়িক শক্তি শ্রীলঙ্কায় হামলা করেছে। এদেশকে আমরা এই ধ্বংসের কিনারায় ঠেলে দেবো কি না আজ আমাদের ভাবতে হবে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, পাকিস্তানপন্থি বিএনপি মুজিব নগর দিবসকে অস্বীকার করে। জামায়াত ও জঙ্গিবাদকে এই বিএনপি পৃষ্ঠপোষকতা করে। এদেরকে রাজনীতির মঞ্চ থেকে চিরতরে বিদায় জানাতে হবে।
জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নির্মূল ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে। তবে স্বাধীনতাবিরোধীরা আঘাত করার চেষ্টা করবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি পাকিস্তানের সৃষ্টি একটি রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী শাজাহান খান, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ খান প্রমুখ।