১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের আসর। এই আসরকে সামনে রেখে সাকিব আল হাসানের খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত আশার কথা হলো, এশিয়া কাপে খেলছেন বাংলাদেশ দলের অন্যতম এই অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ফিজিও থিহান চন্দ্রমোহন সাকিবের আঙুলের চোট পরিস্থিতির রিপোর্ট নিয়ে অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগ হয়ের কাছে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, এশিয়া কাপের আগে অস্ত্রোপচার না করালেও সমস্যা হবে না।
জানা গেছে, এশিয়া কাপ শেষে অক্টোবরে সাকিবের আঙুলের অস্ত্রোপচার করা হবে। তাই তিনি খেলতে পারবেন এশিয়া কাপে।
জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর ওই ম্যাচে আর মাঠে নামেননি তিনি।
ইত্তেফাক/জেডএইচ