চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পেজারো জিপের ধাক্কায় পাভেল সবুজ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর এক আরোহী নবীউল আসাদ গুরুত্বর আহত হয়েছেন। আজ বুধবার বেলা সোয়া ১২টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ দরগাহ গেইটে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর মালিকানাধীন পেজারো জিপের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিগরপানখালী এলাকার জানে আলমের ছেলে। আহত যুবক একই এলাকার শাহ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু গাড়ি যোগে কক্সবাজার যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিকে মোটরসাইকেল যোগে দুই যুবক চকরিয়ার দিকে যাচ্ছিল। এইসময় বিপরীতমুখী দুটি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহীরা গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাভেল সবুজ মারা যান এবং গুরুত্বর আহত নবীউল আলম আশংকাজনক হওয়ার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট সুমন দাশ বলেন, আহত আসাদের অবস্থা আশংকাজনক। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.আলমগীর হোসাইন বলেন, গাড়িটি জেলা পরিষদ সদস্য জাহেদুল লিটুর। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিই জব্দ করা হয়েছে। তবে জেলা পরিষদর প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ইত্তেফাক/কেকে