রাজউকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

আবাসিক এলাকায় যে সব প্লট, ভবন, ফ্ল্যাট ইত্যাদিতে অননুমোদিত/অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প নির্মিত হয়েছে সেসব অননুমোদিত স্থাপনা/ব্যবহার বন্ধকরণে অভিযান পরিচালনা করা হয়েছে।
 
আজ বুধবার রাজধানীর পুরাণ ঢাকার স্বামীবাগ ও ওয়ারী এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করে রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং অথরাইজড অফিসার মোহম্মদ নুর আলম এ অভিযান পরিচালনা করেন। 
 
অভিযানে স্বামীবাগের মনির হোসেন লেনে নির্মাণরত  ১০ তলা একটি ভবনের চারদিকে নির্দিষ্ট আবশ্যিক উন্মুক্ত জায়গা (সেটব্যাক) না রেখে ভবন বর্ধিত করে নির্মাণের কারণে মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বর্ধিত ভবনের কিছু অংশ ভেঙ্গে বাকি অংশ ১৫ দিনের মধ্যে অপসারণের জন্য মুচলেকা নেন রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্য একটি ভবনের কার পার্কিংয়ের স্থলে ইট, বালু, সিমেন্টের ব্যবসা পরিচালনার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করে আগামী সাত দিনের মধ্যে অন্যত্র সরে যাওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়। এছাড়া আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের কারণে সিঙ্গার এর একটি শো-রুম, স্বপ্না সুপার শপ ও মাইওয়ান এর একটি শো-রুম সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
 
আবাসিক ভবনের কার পার্কিংয়ের স্থলে বাণিজ্যিক ব্যবহারের কারণে ওয়ারীর র‌্যামঙ্কিন স্ট্রিট এর ‘ওয়েল ফুড’ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
প্রতিষ্ঠানটিকে আগামী সাত দিনের মধ্যে অন্যত্র সরে যাওয়ার সময় দেন রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট।একই রোডের ‘বাটা’র একটি শো-রুম এর মালামাল সরিয়ে বন্ধ করে দেওয়া হয়।                                      
 
রাজউকের সহকারী অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক নিপেন চন্দ্র সিদ্ধাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে