লামায় পাহাড় কাটার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা স্থাপনের লক্ষ্যে পাহাড় কেটে মাটি মজুদ করার দায়ে তিনটি ইট ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি দুর্নীতি দমন কমিশনের নির্দেশে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বুধবার দিনব্যাপী ফাইতং ইউনিয়নের পাগলীর বিল ও পাগলীর ছাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করেন। 
 
এ সময় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জাহানারা ইয়াসমিন ও লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সঙ্গে ছিলেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি জানান, পাহাড় কেটে মাটি মজুদ করে ইট ভাটা স্থাপন করা হচ্ছে মর্মে দুর্নীতি দমন কমিশনে জনৈক ব্যক্তি অভিযোগ দায়ের করেছে। 
 
অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক (প্রশাসন) মনির চৌধুরীর নির্দেশে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কেটে মাটি মজুদ করার অপরাধে অবৈধ ইট ভাটার মালিক গিয়াস উদ্দিন (৪৫), ইয়াছির আরাফাত (২৬) ও আব্দুল করিমকে (৪৮) ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 
 
ইত্তেফাক/কেকে