দুই দিনে সড়কে ঝরল ১২ প্রাণ

ইত্তেফাক ডেস্ক

সড়কে দুর্ঘটনা থামছেই না। গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এরমধ্যে একজন শিক্ষক এবং এইচএসসি পরীক্ষার্থীও রয়েছে। গতকাল সোমবার ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

যশোর: গতকাল চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ সানজিদা মোস্তফা সুমি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): গতকাল পাকুন্দিয়ার শ্রীরামদীতে বাসচাপায় মাইন উদ্দিন (৩৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

আলফাডাঙ্গা (ফরিদপুর): উপজেলার আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক লাল মিয়া (৪৭) গত রবিবার বোয়ালমারি চতুল মিলঘর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ): কটিয়াদী-মানিকখালী সড়কের বাগরাইটে মো. তারেক মিয়া (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী শনিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রবিবার রাতে ভাগলপুর মেডিক্যালে মারা গেছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে রবিবার ট্রলি উল্টে ট্রলি চালক হাসান মোল্লা (২০) নিহত হয়েছেন। হাসান মোল্লা  সদর উপজেলার ভেন্নাবাড়ির বদিয়ার মোল্লার ছেলে।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ): গতকাল উপজেলার দ্বাড়িয়াকান্দি কুলিয়ারচর সড়কের বেইলি ব্রিজের কাছে মুখলেছুর রহমান রাজু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছে।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): উপজেলার শিবদিঘি-নেকমরদ পাকা সড়কে গত শনিবার সন্ধ্যায় দুর্ঘটনায় সাগর (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি পৌরশহরের ভাণ্ডারা মহল্লার শাহাজাহান আলীর ছেলে।

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে রবিবার ট্রাকের চাপায় লিটন মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। লিটন উপজেলার ভবানীপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।

ফুলবাড়ি  (দিনাজপুর): গতকাল সোমবার উপজেলার আবদুল্লাহপুরে ট্রাক্টরের চাপায় সলিমুদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত তারা মিয়া (৭৫) নামে এক ব্যক্তি গত রবিবার মারা গেছেন। তিনি ১৪ এপ্রিল সান্দিকোনা-রেন্ট্রিতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছিলেন।

গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মকবুলের দোকান এলাকায় গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক প্রতিবন্ধী নিহত হন।