আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলার কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য দেন- সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ বন্যার্জী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুজন ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনের কোনো সুষ্ঠু বিচার হয়নি। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার হলে সুবর্ণা নদীকে আজ প্রাণ হারাতে হতো না। অবিলম্বে সুবর্ণা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে মানববন্ধন থেকে সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে পাবনা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় নিজ বাসার সামনে সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করা হয়।
ইত্তেফাক/জেডএইচ