টেকনাফে দাদা-নাতনী নিখোঁজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মৎস্য ঘেরে গরু চরাতে গিয়েই দাদা-নাতনী নিখোঁজ রয়েছেন। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। 
 
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার প্রণয় চাকমা ও ফায়ারস্টেশন কর্মকর্তা ক্ষিরিতি সেনের নেতৃত্বে একটি দল ঊনছিপ্রাং রইক্ষ্যং খালের মুখে তল্লাশির চালায়। ডুবুরী দল না থাকা ও জোয়ার আসায় তল্লাশি ব্যাহত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 
 
উল্লেখ্য, গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং লম্বাবিলের মৃত আব্দুল আজিজের ছেলে মো. ইউসুফ আলী (৭৫) ও আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০)  নাফ নদী সংলগ্ন মৎস্য ঘেরে গরু চরাতে যান। এরপর সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় বাড়ির লোকজন খুঁজতে বের হয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
 
ইত্তেফাক/জেডএইচ