সুবর্ণা নদী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। 
 
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আনন্দ টেলিভিশনের নারায়ণগঞ্জ সংবাদদাতা ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন, আনন্দ টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি মাজহার, এন টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি খালিদ আলামিন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক আবুল কাউসার, সাংবাদিক মাহমুদুল হাসান কচি, সাংবাদিক জামান খান, সাংবাদিক ফরিদ আহমেদ বাধন, সাংবাদিক আলমগীর আজিজ ইমন, সাংবাদিক মাজহারুল ইসলাম রোকন। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা সুবর্ণা নদী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের দ্বিতীয় পার্লামেন্ট বলে অভিহিত করা হয়। সাংবাদিকরা রাত-দিন চব্বিশ ঘণ্টা পরিশ্রম করে বস্তুনিষ্ঠ তথ্যটি মানুষের সামনে তুলে ধরেন। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সবসময় উঁচু থাকে। আর এই কারণেই বারবার সাংবাদিকদের হামলা ও হত্যার শিকার হতে হয়। প্রতিনিয়ত সন্ত্রাসীদের পক্ষ থেকে হুমকির শিকার হতে হয়। তবুও আমরা আমাদের কলম চালাতে কখনোই পিছ পা হইনি আর হবোও না। হত্যা করে, খুন করে, শাসিয়ে কলমের আওয়াজ থামানো যায় না। এই কাজ আগেও কেউ করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। 
 
তারা আরো বলেন, আজকে আমরা এসেছি আমাদের সহকর্মী, আমাদের বোনের হত্যার বিচার চাইতে। বিগত সময়ে আমরা দেখেছি সাংবাদিক হত্যার বিচার হয় না। সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের কোন বিচার এখন পর্যন্ত হয়নি। 
 
ইত্তেফাক/জেডএইচ