কুমিল্লায় পুড়িয়ে দেওয়া হল ৪৪ হাজার জাতীয় পরিচয়পত্র

কুমিল্লার দেবিদ্বারে ৪৪ হাজার জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের ডাক বাংলোর পাশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লেমিনেটেড এসব জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে দেওয়া হয়।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১২ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পরবর্তী সময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণ করে কিছু কিছু উপজেলায় প্রেরণ করা হয়। কিন্তু মুদ্রিত জাতীয় পরিচয়পত্রের গুণগতমান সঠিক হয়নি। তাই দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষিত প্রায় ৪৪ হাজার ত্রুটিপূর্ণ পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তে বৃহস্পতিবার তা পুড়িয়ে ফেলা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
 
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী সাংবাদিকদের জানান, পূর্বের জাতীয় পরিচয়পত্রগুলো গুণগতভাবে সঠিক মানের না হওয়ায় সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তে তা বিনষ্ট করা হয়েছে। ভোটাররা নতুন করে মুদ্রিত জাতীয় পরিচয়পত্র সহসাই পেয়ে যাবেন।
 
ইত্তেফাক/বিএএফ