সাঘাটায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাঙ্গালী নদী থেকে জাফর আলী লালু (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাদিনারপাড়া গ্রামের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত জাফর আলী লালু জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিন (ঘেরুর) ছেলে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালু গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে পার্শ্ববর্তী বারকোনা বাজারের উদ্দেশ্যে বের হয়ে  আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে এলাকার লোকজন বাড়ির অদূরে বাঙ্গালী নদীতে লালুর লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে।
 
সাঘাটা থানার এসআই নয়ন সাহা জানান, লাশের চোখে ও হাতে খত চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ