পুলিশের চেকার পরিচয়ে ইয়াবা ব্যবসা

চট্টগ্রামে পুলিশের চেকার পরিচয় ব্যবহার করে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন- মো. ইসমাইল ও ইমাম উদ্দিন জিসান। 
 
বৃহস্পতিবার নগরীর আকবরশাহ থানাধীন কর্নেলহাট পোস্ট অফিস গলির ইলিয়াস সওদাগরের ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের এক সহযোগী পালিয়ে যায়। তিনি হলেন, আহম্মদ শরীফ ওরফে চেকার শরীফ। 
 
সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার অলক বিশ্বাস ইত্তেফাককে জানান, গ্রেফতার ব্যক্তিরা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে শহরের বিভিন্ন স্থানে সাধারণ যাত্রীদেরকে চেক করার নামে হয়রানি করে। পুলিশের চেকার পরিচয় দিয়ে এরা সাধারণ মানুষের মালামাল, লাগেজ, ব্যাগ চেক করে ও ভয়ভীতি দেখিয়ে মালামাল নিয়ে যায়। এ ঘটনায় আকবর শাহ থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ