পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘জাতীয় পার্টি ছাড়া রাজনীতির সমিকরণ হবে। আর পার্টি যদি সুসংগঠিত থাকে, ঐক্যবদ্ধ থাকে তবে আমাদেরকে কেউ ক্ষমতা থেকে দূরে রাখতে পারবেনা।’
বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা পরিষদ হল রুমে জাতীয় পার্টির এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের অবদান। এদেশে উন্নয়নের ধারা তার সময়েই শুরু হয়। দেশে ২১টি জেলা থেকে ৬৪টি জেলা করেছিলেন। ৯ বছরে জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে দেশকে অনেক কিছুই দিয়েছে। পল্লীবন্ধু মানুষের জন্য কাজ করেছেন। অথচ সাবেক একজন রাষ্ট্রপতির ঢাকা শহরে কোন বাড়ি নেই। তিনি একটি ফ্ল্যাটে থাকেন। মানুষ এখন বুঝতে পারছে জাতীয় পার্টি ছাড়া উপায় নেই।
পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শংকর পালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম পিন্টু ও গোলাম মো. রাজু, এহিয়া চৌধুরী এমপি ও এমএ মুনিম চৌধুরী বাবু এমপি প্রমুখ।
পরে জেলা সভাপতি হিসেবে মো. আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক হিসেবে শংকর পালের নাম ঘোষণা করেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
ইত্তেফাক/বিএএফ