রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আব্দুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার সকালে ইলিশ পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে উগ্র জঙ্গিবাদী বই, প্রচার পত্র, সমরাস্ত্র প্রশিক্ষণ ম্যানুয়ালসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার এজাহার নামীয় আসামি আব্দুর রাজ্জাক।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোপণ সংবাদে জানা যায় যাত্রাবাড়ী হয়ে জেএমবির এক সদস্য দক্ষিণাঞ্চলে যাবে। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থেকে মাওয়াগামী বাসষ্ট্যান্ডে র্যাব অবস্থান নেয়। পরে ইলিশ পরিবহণ কাউন্টারের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
৩১ জুলাই সূত্রাপুর এলাকায় নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিগ্রহণের বৈঠককালে র্যাবের অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যায় আব্দুর রাজ্জাক। তার বাড়ি মাদারীপুরের শিবচরে। সে তার অপর সহযোগীদের সহায়তায় লোকচক্ষুর অগোচরে পদ্মার দুর্গম চরে ছাগল, টার্কি মুরগী ও খামার ব্যবসার আড়াতে জঙ্গি কার্যক্রম পরিচালনা ও প্রশিক্ষণ দিয়ে থাকে।
এছাড়াও তার এক সহযোগি সাকিবসহ নিরাপদ স্থানে থেকে গ্রাম্য সহকারী ও গ্রাম্য চিকিৎসকের কাজের আড়ালে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতো। আব্দুর রাজ্জাক জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সংগ্রহ এবং ধর্মীয় জঙ্গীবাদে যোগ দেয়ার জন্য নিরীহ লোকজনদের আহ্বান করে আসছে।
ইত্তেফাক/কেকে