৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের মাধ্যমে ভারতের ১৫-২০ জন পুঁজিপতিকে কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে নোট বাতিলকে অপরাধ নয়, ‘বড়সড় কেলেঙ্কারি’ বলে অভিহিত করেন রাহুল। এর জন্য প্রধানমন্ত্রীর জবাবও দাবি করেন তিনি। খবর এনডিটিভির।
তাঁর কথায়, ‘ভুল হলে মানুষ ক্ষমা চায়। প্রধানমন্ত্রী ভুল করেননি। জেনে বুঝেই এ কাজ করেছেন। তাঁকে জবাব দিতে হবে কেন এ কাজ করেছিলেন।’
এ দিনের সাংবাদিক বৈঠকে নোট বাতিল প্রসঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহকেও একহাত নেন রাহুল। তাঁর অভিযোগ, অমিত যে ব্যাংকের চেয়ারম্যান সেই ব্যাংকে ৭০০ কোটি রুপির নোট জমা পড়েছে। এই নোটবাতিলকে গরিব ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর আঘাত হিসেবে বর্ণনা করেন তিনি।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি জানিয়েছে, নোটবন্দিতে ৯৯ শতাংশেরও বেশি টাকা ফিরে এসেছে। রাহুলের আশা, ভবিষ্যতে এ নিয়ে আরও তথ্য সামনে আসবে।
২০১৬ সালে ভারতজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইত্তেফাক/টিএস