আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি প্রযুক্তিকে ভয় পায় বলেই ইভিএমে বিরোধিতা করছে।
বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন সীমিত আকারে ইভিএম ব্যবহারের ঘোষণা দেওয়ায় বিএনপির যে গাত্রদাহ তাতে মনে হচ্ছে তারা প্রযুক্তিকে ভয় পাই। ১৯৯২, ৯৩ সালে বেগম খালেদা জিয়াকে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল সরবরাহের প্রস্তাব করলে তিনি তার বিরোধিতা করে বলেছিলেন এতে দেশের গোপনীয়তা ভঙ্গ হবে। আজকে যখন ইভিএমের কথা বলা হচ্ছে তখন বেগম জিয়ার দলের নেতারা বলছে ইভিএম ব্যাবহার করা যাবে না। অর্থাৎ বিএনপি এবং তাদের দলের নেতারা প্রযুক্তিকে ভয় পায়।
তিনি আরো বলেন, যেই দলের নেত্রী মেট্রিকে অঙ্ক আর উর্দু ছাড়া সব বিষয়ে ফেল এবং যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় থেকে পরপর দুইবার ফেল করে বহিষ্কৃত হয় তারা প্রযুক্তিকে ভয় পাবে এটা খুবই স্বাভাবিক।
ছাত্রলীগের প্রত্যেক ইউনিটে আইটি সেল গঠনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আজকে সাত থেকে আট কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। তাই গুজবকারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে যদি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে পারি তাহলে যাদের চোখ, কান, বিবেক এবং বুদ্ধি আছে তারা নৌকা ব্যতীত অন্য কোথাও ভোট দিবে না।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান হৃদয় এবং দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদের দ্বৈত সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাছান ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ