শেখ হাসিনার ইচ্ছাশক্তির কারণেই দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাশক্তি ও রাজনৈতিক কমিটমেন্টের কারণেই দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তার গ্রামমুখী অর্থনীতির কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দার সময়েও বাংলাদেশ এর প্রভাব পড়েনি। পদ্মা সেতুসহ সরকারের মেগা প্রজেক্টগুলোর কাজগুলো শেষ হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শিল্পাঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে।

রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির ১০ বছর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তির সূচনা করেছিলেন উল্লেখ করে আমু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা বাস্তবায়নের পথে। শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলা পুরোপুরি প্রতিষ্ঠিত হবে।’ আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতাভোগের জন্য এসেছিল, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ পরিচালনায় আসে জনগণের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য। বিএনপি ক্ষমতায় গিয়েদেশের উন্নয়ন নয়, দখল ও ভোগ করেছে।

সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘সরকারের পাশাপাশি দেশের নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে আওয়ামী লীগের অন্যান্য উপ-কমিটিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে নেতিবাচক রাজনীতি না থাকলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো অন্তত ২ শতাংশ বৃদ্ধি পেত। তারপরও বাংলাদেশ ধারাবাহিকভাবে সর্বোচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা বিশ্বের প্রথম পাঁচটি দেশের অন্যতম।’

’আমন্ত্রিত অতিথিদের মধ্যে পরিকল্পনা কমিশন সদস্য ড. শামসুল আলম, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির ১০ বছর’ পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়।