আগৈলঝাড়ায় এক ক্ষেতে ১২০ ইঁদুর নিধন

আগৈলঝাড়ায় আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় শুক্রবার এক ক্ষেত থেকে ১২০টি ইঁদুর নিধন করা হয়েছে।
 
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মণ্ডল জানান, চলতি আমন মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ৭৭০ হেক্টর। এর মধ্যে ১৭৫ হেক্টর উফসী আমন ও ৫২৫ হেক্টর স্থানীয় উফসী জাতের আমন ধান।
 
এ পর্যন্ত উপজেলার কৃষকরা ১৭৫ হেক্টর জমিতে উফসী আমন ও ৫২৫ হেক্টর জমিতে স্থানীয় উফসী জাতের আমন আবাদ করেছেন। আবাদের অপেক্ষায় রয়েছে আরও কয়েক হেক্টর জমি। 
 
চাষীদের বরাত দিয়ে সুভাষ চন্দ্র মণ্ডল বলেন, রোপা আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা। কারণ হিসেবে তিনি বলেন, এবছর জমিতে পানি কম হওয়ায় বুনো ইঁদুরের দল ঝাঁকে ঝাঁকে ফসলি মাঠের উচু জায়গায় (টেকে) বাসা বেঁধেছে। ইঁদুরের দল আমন ক্ষেতের ধান গাছ কেটে দিচ্ছে।
 
বিশেষ করে রোপা আমনের ক্ষেত ইঁদুরের আক্রমণে বেশি আক্রান্ত হচ্ছে। তাদের দেয়া ইঁদুর মারার বিশেষ কৌশল ও পরামর্শ কৃষকরা কাজে লাগাচ্ছেন। উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের কৃষক বাচ্চু হাওলাদার ওই কৌশল ব্যবহার করে শুক্রবার ১২০ ইঁদুর নিধন করতে সক্ষম হয়েছেন। 
 
ইত্তেফাক/আরকেজি