পিরোজপুরের মঠবাড়িয়ায় জাল নোটসহ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শাফা আমুরবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- পার্শ্ববর্তী বাগেরহাটের শরণ খোলা থানার সোনাতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে দুলাল সরদার (২৫) ও ভোলা লালমোহন থানার কুমার খালী গ্রামের নূর হোসেন বাদশার ছেলে আল আমীন বাদশা (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের দুই সদস্য উপজেলার ধানী শাফা আমুরবুনিয়া দরবার শরিফের গেটে ভাড়ায় চালিত মোটরসাইকেলের ভাড়া মেটায়। ভাড়া গ্রহণের সময় মোটরসাইকেল চালকের টাকা জাল নোট বলে সন্দেহ হয়। এতে যাত্রী ও মোটরসাইকেলের চালকের সঙ্গে তর্কবিতর্ক শুরু হলে স্থানীয়রা দুইজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে দুলাল সরদার ও আল আমীন বাদশাকে আটক করে। পরে তাদের তল্লাশি করে এক হাজার টাকার ৩৭টি জাল নোট উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর আহম্মেদ জানান, আটকৃতরা জাল নোটের কারবারি চক্রের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ