ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে রিয়াদ (১৪) নামে এক স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত রিয়াদের ফুফা আব্দুর রাজ্জাক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গফরগাঁও থানায় এ মামলা দায়ের করেন।
গফরগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রশিদ ছাড়াও উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের ব্যবসায়ী সাঈদ (৩৭), সিরাজ (৫৫), আব্দুল আহাদ (৩৮),আশরাফুল (৩৫), মীর রাসেল (৩৫), মীর মনির (৩৪), কামরুল (৪৬), সোহেলের (২৩) নাম উল্লেখ করে এবং ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নামাজে জানাজা শেষে রিয়াদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, ‘স্কুলছাত্র রিয়াদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের আশরাফুলের মনিহারী দোকানের ‘তালা ভাঙার চেষ্টার অপরাধে’ স্কুলছাত্র রিয়াদকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার ভাই কামরুল এবং প্রতিবেশী রশিদ। বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার কয়েকজন সহযোগী রিয়াদকে বাজারের পাশের একটি গাছের সাথে বেঁধে বেধড়ক পেটায়। কিশোর রিয়াদ চিৎকার করে জান ভিক্ষা চাইলেও পাষণ্ডের দল পিটিয়ে রিয়াদের মৃত্যু নিশ্চিত করে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
ইত্তেফাক/বিএএফ