বাসের ধাক্কায় শিশু আকিফা নিহতের ঘটনায় হত্যাচেষ্টা মামলা

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু আকিফার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার রাতে আকিফার বাবা হারুণ-উর রশিদ বাদী হয়ে তিনজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টায় মামলাটি দায়ের করেন।
 
মামলার আসামিরা হলেন- গঞ্জেরাজ নামক ঘাতক বাসের মালিক জয়নাল মিয়া, চালক খোকন ও সুপারভাইজার ইউনুস মাস্টার। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলায়।
 
নিহত আকিফার বাবা হারুন-উর রশিদ জানান, এটি নিছক কোন দুর্ঘটনা ছিল না। চালক ও সুপারভাইজারের ইচ্ছাকৃত বাসের ধাক্কায় আমার অবুঝ শিশু আকিফা মায়ের কোল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় আকিফার বাবা হত্যা মামলা দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ ৩০২ ধারায় হত্যা মামলা গ্রহণ না করে ৩০৪ ধারায় হত্যা চেষ্টা হিসাবে মামলাটি এজাহারভুক্ত করেছে। ফলে নিহতের পিতা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করলেও হত্যা মামলার পরিবর্তে হত্যা চেষ্টা মামলা রুজু হওয়ায় তিনি অনেকটা হতাশা প্রকাশ করেন।
 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, ‘ শিশু আকিফা নিহতের ঘটনায় ৩০৪ ধারায় ‘হত্যা চেষ্টা মামলা’ রুজু হয়েছে। সড়ক পরিবহণ সংশোধিত আইনটি এখনো আইন হিসাবে পাশ না হওয়ায় আকিফার মামলাটি হত্যা মামলা হিসাবে রুজু হয়নি বলে ওসি জানান।
 
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে গঞ্জেরাজ পরিবহনের থেমে থাকা একটি বাসের সামনে দিয়ে মা রিনা বেগম তার এক বছরের মেয়ে আকিফাকে কোলে নিয়ে সড়ক অতিক্রম করার সময় বাসের বেপরোয়া গতিতে ধাক্কা লেগে মায়ের কোল থেকে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার পর চিকিৎসাধীণ অবস্থায় বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে শিশু আকিফা মারা যায়। 
 
ইত্তেফাক/বিএএফ