রাবার বাগানের ১৪’শ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুরে নতুন করে লাগানো ১৪'শ ৮০টি রাবার গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত রাবার চারাগুলো কেটে ফেলে।
 
রাবার বাগানের ম্যানেজার মফিজুল হক খান জানান, রাবার বাগানে নতুন করে ৪২ একর জমিতে রাবার গাছের চারা লাগানো হয়। সদ্য রোপণ করা ১০ হাজার  ৪’শ ৫০টি রাবার চারার মধ্যে ১৪’শ ৮০টি রাবার চারা কে বা কারা রাতের অন্ধকারে কেটে ফেলেছে। এতে ৩ লাখ ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে ফুলবাড়িয়া থানায় জিডির প্রস্তুতি চলছে।
 
রাবার বাগানের অপর একটি সূত্র জানায়, রাবারের চারা রোপণ করার আগে বদলী হওয়া বাগান ম্যানেজার সন্দীপ কুমারের সঙ্গে বেশ কয়েকবার দেন দরবার করেছিল। দুর্বৃত্তরা রাবার বাগানে আনারস, হলুদ আবাদের প্রস্তাব দিয়েছিল। রাবার বাগান জবর দখলের ভয়ে বিদায়ী ম্যানেজার তাদের প্রস্তাবে রাজি হননি। 
 
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্চ শেখ কবিরুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। বাগান কর্তৃপক্ষও থানায় এসেছেন। 
 
ইত্তেফাক/জেডএইচ