আগস্টের শেষ দিনে বঙ্গবন্ধুর সমাধিতে শোকার্ত মানুষের ঢল

শোকাবহ আগস্টের শেষ দিনে শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকার্ত মানুষের ঢল নামে। এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বহু সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা।
 
শুক্রবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইদুর রহমান সজল ও সাধারণ সম্পাদক মাহামুদা মুস্তাকিমা রুবী সারাদেশ থেকে আগত সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে  শতাধিক জেলা ও উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
 
এছাড়া বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, খুলনা ৬ আসনের এমপি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে পাইকগাছা সরকারি কলেজের শিক্ষক কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
 
এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী জেলা পরিষদ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতি, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, ইতিহাস ঐতিহ্য কেন্দ্র,  বিসিএস আইআর বিজ্ঞানী সংঘ, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ, মানিকগঞ্জ সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানানো হয়।
 
এছাড়া এদিন বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায়  সমাধিসৌধের মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/বিএএফ