হেলমেট ছাড়াই মোটরসাইকেলে, নিহত চালক

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে করিম মণ্ডল (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে আলাইপুর এলাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার পানিকুমড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত করিম পাকুড়িয়া গ্রামের সায়েম উদ্দীনের ছেলে।
 
স্থানীয় বাবলু জানান, করিম মণ্ডল নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। বাজার এলাকায় পাকা রাস্তার মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এরপর স্থানীয় লোকজন জরুরীভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জরুরি বিভাগের চিকিৎসক আকতার রহমান জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। 
 
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল হাসান জানান, এ বিষয়ে কিছু শোনেননি। 
 
ইত্তেফাক/জেডএইচ