চাটমোহরে পিকনিকের নৌকা ডুবিতে নিখোঁজ ৫

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বিল এলাকার কাটাজোলায় শুক্রবার সন্ধ্যায় পিকনিকের নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৫ জন নিখোঁজ রয়েছে।
 
নিখোঁজরা হল- মোশারফ হোসেনের স্ত্রী শাহনাজ খাতুন, আব্দুল গনি ও তার স্ত্রী, স্বপন ও তার মেয়ে। তারা নৌকার ভেতর ছিলেন। তাদের সবার বাড়ি ঈশ্বরদী উপজেলায়।
 
পিকনিকের নৌকার যাত্রী কুষ্টিয়া জেলার ভাদালিয়া গ্রামের সাইদুর রহমান ও তার স্ত্রী সিনথিয়া পারভীন জানান, কুষ্টিয়া ও ঈশ্বরদী এলাকার ২৪ জন ব্যক্তি চলনবিল এলাকায় পিকনিকের উদ্দেশ্যে ভাঙ্গুরা উপজেলার বড়ালব্রিজ থেকে একটি নৌকা ভাড়া করেন। দিনভর বিল অঞ্চলে ঘুরে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল বিল এলাকার কাটাজোলায় কোন কিছুর সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকা যাত্রীদের চিৎকারে আশপাশের নৌকা ও লোকজন ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করে। অনেকে সাঁকরিয়ে তীরে উঠে আসেন। নৌকা ডুবির ঘটনায় এক শিশুসহ ৫ জন নিখোঁজ রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত (রাত ৯টা) চাটমোহর থানা পুলিশ ও চাটমোহরের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
 
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বাবু ও হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কেএম জাকির হোসেন নৌকা ডুবির ঘটনা নিশ্চিত করে জানান, ডুবুরির দল বগুড়া থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ