ফুলবাড়ীতে কালভার্ট সংস্কার না করায় মানুষের দুর্ভোগ

উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী সংলগ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত কালভার্টটি সংস্কার না হওয়ায় হাজারো মানুষের দুর্ভোগ। মধ্য জ্যোতিন্দ্র নারায়ণ গ্রামে দীর্ঘদিন ধরে দোলাটারী, মাস্টারপাড়া, সন্তোরায় পাড়, ধনীটারী, চর-শিমুলবাড়ী, চর-জ্যোতিন্দ্র নারায়ণ, গুয়াবাড়ী ঘাট, মধ্য জ্যোতিন্দ্র নারায়ণ, তালুক শিমুলবাড়ী গ্রামের হাজার হাজার বাসিন্দারা ওই ভাঙা কালভার্টের ওপর দিয়ে দৈনন্দিন চলাচল করতে হচ্ছে। ইতোমধ্যে অনেক পথচারী দুর্ঘটনার কবলে পড়েছে।
 
আগে এই রাস্তা দিয়ে ইজিবাইক, অটোরিকশা, রিকশা যাত্রী নিয়ে সব সময় যাতায়াত করলেও ভাঙা কালভার্টটি সংস্কার না করায় গত কয়েক মাস ধরে সব ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 
হরিপ্রসাদ, লুত্ফর রহমান, তৈয়ব আলী, খালিলুর রহমান, জানান, গত বন্যায় প্রবল স্রোতে কালভার্টটি ভেঙে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। তা ছাড়া এই কাঁচা রাস্তাটি মাস্টারপাড়া থেকে গুয়াবাড়ী ঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার। বর্ষাকালে কর্দমাক্ত হয়ে পড়ায় এলাকার হাজার হাজার মানুষের জন্য চলাচলে চরম দুর্ভোগের স্বীকার হতে হয়। তাই তারা ভাঙা কালভার্টটি মেরামতসহ কাঁচা রাস্তাটি পাকা করার দাবি জানান।
 
শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী জানান, ক্ষতিগ্রস্ত কালভার্টটি সংস্কারের আমাদের পরিষদে বরাদ্দ নেই। তারপরেও তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়ে এটি সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হবে। যদি কোথাও বরাদ্দ না মেলে তবে খুব দ্রুত সময়ে নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত কালভার্টটি সংস্কার করা হবে।
 
ইত্তেফাক/নূহু