বাংলাদেশের চলচ্চিত্রে প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব ছিলেন নায়করাজ রাজ্জাক। বাংলা ছবির নির্মাণের ইতিহাস বলে, যে ব্যক্তির ওপর ভর করে বাংলা চলচ্চিত্র দাঁড়িয়ে ছিল তিনি রাজ্জাক। নিজের দক্ষতা, নিজের গুণে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দীর্ঘ পাঁচ দশক তিনি আমাদের চলচ্চিত্রে অবদান রেখেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা আজও পূরণ হয়নি। এ দেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য আমৃত্যু নায়করাজ রাজ্জাক ভেবেছেন। এফডিসিতে নায়করাজ স্মরণে আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেছেন।
নায়করাজ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গত ২১ আগস্ট। এ সময় ঈদের ছুটির কারণে পরিচালক সমিতি নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করলো গতকাল। এ উপলক্ষে শুক্রবার সকালে এফডিসির ভিআইপি প্রোজেকশন হলে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। নায়করাজ রাজ্জাক পরিচালক সমিতির আজীবন সম্মানিত সদস্য ছিলেন।
এতে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, আমজাদ হোসেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আরো অনেকে। আলোচনা শেষে তবারক বিতরণ করা হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ