ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয়—গত ২০ এপ্রিল সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পুরান ঢাকার জুরাইনবাসী। মন্তব্যের প্রতিবাদে তারা আজ বেলা ১১টায় কারওয়ানবাজারে অবস্থিত ঢাকা ওয়াসা ভবনে গিয়ে এমডিকে ওয়াসার পানি দিয়ে তৈরি শরবত খাওয়ানোর কর্মসূচি ঘোষণা করেছেন।
এমন কর্মসূচির উদ্যোক্তা জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, গত ৪০ বছর ধরে জুরাইনে ওয়াসার পানি আসছে। শুরুর ১০-১৫ বছর ভালোই ছিল। এরপর থেকে ওয়াসার পানির খারাপ অবস্থা শুরু হয়। গত প্রায় ১৫ বছর ধরে পানির অবস্থা খুবই খারাপ। এতটাই দুর্গন্ধ যে, কোনোভাবেই ব্যবহার করা যায় না। পানি খাওয়ার কোনো উপায় নেই। গোসল, রান্নাবান্নাসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সারতে পানি ক্রয় করতে হয়। খাওয়ার জন্য মসজিদের টিউবওয়েলের পানি কিনে খাচ্ছি। প্রতি ১০ লিটার পানির জন্য ২ টাকা দিতে হয়। বিভিন্ন সময় মৌখিকভাবে এবং লিখিত আকারে ওয়াসাকে জানানো হয়েছে। কিন্তু কোনো পরিবর্তন আসেনি। ২০১২ সালে আমরা জুরাইনের সাড়ে ৩ হাজার বাসিন্দা গণস্বাক্ষর নিয়ে ওয়াসার এমডি বরাবর একটি অভিযোগ করেছিলাম। আট বছর হতে চলছে কিন্তু সেই অভিযোগে কোনো কাজ হয়নি। ওয়াসার এমডি কি করে বলে ঢাকার পানি শতভাগ সুপেয়। এই কৈফিয়ত জানতে চাইব। এজন্য আমরা আমাদের এলাকার পানি নিয়ে ওয়াসায় যাব।
তিনি আরো বলেন, আমরা যারা একসঙ্গে লাইনে দাঁড়িয়ে পানি আনতে যাই, তাদের অনেকেই ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি দিয়েছি। প্রতিবাদের অংশ হিসেবে আমরা আগামীকাল ওয়াসা ভবনে গিয়ে এমডির জন্য ওয়াসার বিভিন্ন কলের পানি নিয়ে যাব। আমরা নানাভাবে অন্যান্য এলাকার মানুষকে জানাচ্ছি। যদি কেউ না যায়, তবে আমি এবং আমার স্ত্রী যাব নিশ্চিত।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক সদ্য প্রকাশিত গবেষণা প্রতিবেদনের প্রেক্ষাপটে ঢাকা ওয়াসার সংবাদ সম্মেলনে সংস্থাটির এমডি ওই মন্তব্য করেন।