সিলেটে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট নগরের তাঁতিপাড়া এলাকায় কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত এসএম আব্দুল আহাদ (৩৮) কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে।
 
এলাকাবাসী জানান, আহাদ রাত ১১টার দিকে বাসার দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে অাসা ৫-৬ যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মোশারফ হোসেন জানান, কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
 
ইত্তেফাক/অারকেজি