বিএনপির এমপিরা শপথ নেবেন না

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ীরা শপথ গ্রহণ করবেন না। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে বহিস্কার করা হবে। গতকাল সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আইনি প্রক্রিয়া আরো জোরালো করার পাশাপাশি রাজপথে কর্মসূচি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য সিনিয়র আইনজীবীদের সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেড় ঘন্টা ধরে চলা এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় মওদুদ আহমদ বলেন, আমাদের ৬ জন সংসদে যাওয়ার প্রশ্নই উঠে না। কারণ আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নির্বাচিত সদস্যরা শপথ নেবেন না- এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। 

স্থায়ী কমিটির একজন নেতা বলেন, শপথ না নেয়ার বিষয়ে ইতিপূর্বে স্থায়ী কমিটিতে যে সিদ্ধান্ত ছিলো তা চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শপথের বিষয়ে মতামত চাইলে শপথ না নেয়ার পক্ষে সবাই এক বাক্যে মতামত দেন। তাদের সবার অভিন্ন মতামতের উপর ভিত্তি করে এমপি হিসেবে শপথ না নেয়ার জন্য আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়। এ সিদ্ধান্তের কথা চলতি সপ্তাহের যে কোন দিন নির্বাচিত ৬ এমপিকে গুলশান কার্যালয়ে ডেকে জানানো হবে।

দলটির নীতিনির্ধারকরা বলেছেন, তারা নির্বাচন প্রত্যাখান করে নতুন করে নির্বাচনের দাবি করেছেন। তাই সংসদে গেলে নির্বাচনকে বৈধতা দেওয়া হবে। নির্বাচিতদের কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি।

এছাড়া বৈঠকে নুসরাত হত্যাসহ সম্প্রতি সারা দেশে নারী নির্যাতন, খুন বেড়েছে দাবি করে উদ্বেগ প্রকাশ করে  দলটির স্থায়ী কমিটি। এসবের প্রতিবাদে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে।