অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ায় দূত পাঠাবে দক্ষিণ কোরিয়া। আগামী মাসে উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলন হওয়ার কথা আছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কিম ইউ বলেন, দুই কোরিয়ার সম্পর্কের উন্নয়ন এবং পরমাণু নিরস্ত্রীকরণের জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার দক্ষিণের দূত পাঠানোর প্রস্তাবে সাড়া দেয় উত্তর কোরিয়া।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় পাঠানো দূত কে হবেন তা জানানো হয়নি।
২০০৭ সালের পর মুন জায়ে ইন হচ্ছেন প্রথম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যিনি পিয়ংইয়ং সফর করতে যাচ্ছেন। তবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বনিবনা না হওয়ায় এই সম্মেলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচির অগ্রগতি না হওয়ায় গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পিয়ংইয়ং সফর বাতিল করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করবে।
গত এপ্রিলে পানমুনজমে কিম জং উনের সঙ্গে মুন জায়ের সাক্ষাত হয়। সেসময় সিদ্ধান্ত হয় শরতকালে দুই নেতা শীর্ষ সম্মেলনে বসবেন।
ইত্তেফাক/ জেআর