অন্ধ জাপানি নাবিক পাড়ি দিলেন প্রশান্ত মহাসাগর

এক অন্ধ জাপানি নাবিক প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছেন কোনো বিরতি নেওয়া ছাড়াই। এই প্রথম কোনো দৃষ্টিহীন ব্যক্তি এমন অভিযানে অংশ নিয়েছেন এবং সফলও হয়েছেন। ৫২ বছর বয়সী মিত্সুহিরো ইওয়ামোটো একটি সাইটেড ন্যাভিগেটর বা দেখতে পান এমন একজন দিক নির্দেশনাকারী সহযোগীর সাহায্যে ১৪ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দেন। এজন্য তার সময় লাগে পুরো দুই মাস। এই সময়ে কোথাও এক রাতের জন্য বিরতি নেননি। দীর্ঘ যাত্রার পর শনিবার সকালে তার ৪০ ফুট দৈর্ঘ্যের পালতোলা নৌকাটি ফুকুশিমার বন্দরে নোঙর করে। ইওয়ামোটো গত ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করেন। সে সময় মার্কিনী দিক নির্দেশক ডগ স্মিথ তার সাথে ছিলেন। তবে এবারই প্রথম নয় এর আগে ২০১৩ সালে এমন দু:সাহসী অভিযাত্রায় বেরিয়ে পড়েছিলেন ইওয়ামোটো। কিন্তু সফলতার মুখ দেখেননি। তার নৌকাটি মাঝ পথে হাঙ্গরের হামলার মুখে পড়ে, আর তাতে তার নৌকাটির ডুবে যেতে শুরু করে। পরে তাকে জাপানের সেনা সদস্যরা উদ্ধার করেন। -বিবিসি