ফরিদপুরের ভাঙ্গায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানান, এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থক জুলহাস মেম্বার ও কাজী জাফরউল্লাহর সমর্থক বুলবুলের মধ্যে ফুটবল খেলা এবং পাট শুকানো নিয়ে ঈদুল আজহার আগেই থেকেই চাপা উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকালে উভয়পক্ষই দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এনে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণসহ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করা হয়। এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
IMG0
তিনি বলেন, এ ব্যাপারে ভাঙ্গা থানায় উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিয়েছে।
IMG1
উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে এ সংঘর্ষে ঘর ভাঙচুরসহ উভয় দলের অর্ধশতাধিক গ্রামবাসী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজৈর, ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান সেক (৪০) সহ উভয়পক্ষের সমর্থকদের মধ্যে গুরুতর আহতরা হলেন— মানিক মোল্লা (৪০), সাফায়েত মুন্সি (১৮), জিয়ারুল সেক (২৮), মজিবর সেক (৪৮), আবুল সেক (৭০), মো. হাচান সেক (২৫), নাজমুল সেক (২৮), জাহাঙ্গির সেক (৪২), আব্দুল আলী সেক (৬৫), সোহেল সেক (২৭), রোজি বেগম (৬০), জামাল সেক (৩০), মন্নু সেক (৩৮), তাজেল সেক (৩৪), ওমর সেক (৩০), আব্দুল আজিজ (১৫), মিরন(২৫), আরিফ সেক (৩০) জিন্না সেক (৫৫), মস্তফা সেক(৫৫)।
ইত্তেফাক/এএম