হেরোইনের ব্যাগ ফেলে পালাল পাচারকারীরা

গোদাগাড়ী সীমান্ত থেকে প্রায় এক কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চর আষারিয়াদহ এলাকায় অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিজিবি-১ এর অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার।
 
তিনি জানান, বিজিবি- ১ সাহেবনগর বিওপির নায়েব সুবেদার আরশাদ আলীর নেতৃত্ব পাঁচ সদস্যের একটি দল চর আষারিয়াদহ এলাকায় টহল পরিচালনা করেন। এ সময় একটি ব্যাগ থেকে ৯৬৫ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করে তারা। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৯ লাখ ৩০ হাজার টাকা।
 
বিজিবি অধিনায়ক আরো বলেন, টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন বহনের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারী। ফলে এর সঙ্গে জড়িত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। হেরোইনগুলো ভারত থেকে পাচার করে নিয়ে আসা হচ্ছিল। জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
 
ইত্তেফাক/আরকেজি