আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সাংবাদিকরা। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি মো. সাজেদুল হক সাজু, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, জাকির হোসেন পিংকু, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, রেডিও মহানন্দার সংবাদকর্মী সোনিয়া শীল প্রমুখ।
বক্তারা বলেন, সাগর রুনির হত্যার বিচার এখনো হয়নি। অনেক আশ্বাস থাকার পরও দিন গেছে, বছর গেছে তবুও আমরা সহকর্মী হত্যার বিচার পাইনি। আমরা আশা করি আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
ইত্তেফাক/বিএএফ