শিশু আকিফা নিহতের ঘটনায় ঘাতক বাস জব্দ

কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু আকিফা নিহতের ঘটনায় ঘাতক গঞ্জেরাজ পরিবহনের বাসটি পুলিশ ফরিদপুর থেকে জব্দ করেছে। 
 
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই বাসটি জব্দ করা হয়। এদিকে মামলার তিন আসামিকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। 
 
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান জানান, গঞ্জেরাজ পরিবহনের বাসটি ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি জব্দ করার পর কুষ্টিয়ায় নিয়ে আসা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক থাকায় তাদের কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে এবং আইনের আওতায় আনা হবে বলে পুলিশ সুপার জানান।
 
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে গঞ্জেরাজ পরিবহনের থেমে থাকা একটি বাসের সামনে দিয়ে মা রিনা বেগম তার এক বছরের মেয়ে আকিফাকে কোলে নিয়ে সড়ক অতিক্রম করছিলেন। ওই সময় বাসটি হঠাৎ করে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। মায়ের কোল থেকে শিশুটি ছিটকে পড়ে জখম ও গুরুতর আহত হয়। ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে শিশু আকিফা মারা যায়। 
 
ইত্তেফাক/এমআই