বগুড়ায় যুবলীগ নেতার ছেলের হাতে নির্যাতিতা বিউটি পার্লার কর্মী ও কলেজছাত্রী জান্নাতুল ইসলাম জিতু (১৮) মুখ খুলেছেন। তিনি জানান, প্রভাবশালী যুবলীগ নেতার ভয়ে ভিত হয়ে থানায় যেতে পারেনি। তবে শনিবার বিকেল সাড়ে চারটায় তার বাবা বগুড়া সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। এতে যুবলীগ নেতার ছেলে অভিসহ আরো অজ্ঞাত ৩/৪জনকে আসামি করা হয়।
অভিযোগ রয়েছে, বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের ছেলে অভির (২৫) ছুরিকাঘাতে জান্নাতুল ইসলাম জিতু আহত হয়ে হাসপাতালে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি হন। পরদিন শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই বাড়ি চলে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া শহরতলীর পালশা এলাকার জাহিদুল ইসলামের মেয়ে জিতু বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে এইচএসসির ১ম বর্ষে পড়াশোনা করেন। পাশাপাশি বিউটিশিয়ানের কাজ করেন। বাদুরতলা এলাকায় অবস্থিত রুপছায়া বিউটি পার্লারে যাওয়া আসার সুবাদে অভির সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকে প্রেম এবং সেই প্রেম ভেঙ্গেও যায়।
বৃহস্পতিবার বিকেলে বাদুরতলা এলাকায় জিতু যে পার্লারে কাজ করতেন সেখানে যাওয়ার পথে করোনেশন স্কুলের সামনে থেকে অভিসহ তার সহযোগীরা জিতুকে তুলে নিয়ে যান। সেখানে তাকে মারধোর ও ছুরিকাঘাত করা হয় বলে জানান ওই তরুণী। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার বেলা আড়াইটায় জিতুর বাড়িতে গেলে তিনি জানান, আগে অভির সঙ্গে সম্পর্ক থাকলেও এখন কোন সম্পর্ক নেই। অভি তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে।
এসব অভিযোগ বিষয়ে যুবলীগ নেতার ছেলে অভির মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গিয়েছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/জেডএইচ