নরসিংদী স্টেডিয়ামে উন্মুক্ত কনসার্ট, উপচে পড়া ভিড়

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশকে সফল করার লক্ষ্যে শনিবার (১ সেপ্টেম্বর) নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কনসার্টে গান গাইলেন নগর বাউল জেমস্, সোলসসহ দেশসেরা শিল্পী ও স্থানীয় শিল্পীরা। কনসার্ট সবার জন্য ছিল উন্মুক্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দেশসেরা শিল্পীদের নিয়ে দেশের প্রথম উন্নয়ন কনসার্ট শনিবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত চলে। বিকেল থেকেই হাজার-হাজার মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরো স্টেডিয়াম মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
 
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শ্লোগানে এই কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আতশবাজি প্রদর্শনী ও লেজার শোও ছিল আকর্ষণীয়। দেশের অন্যান্য স্থানে মমতাজ, সুবীর নন্দী, কুমার বিশ্বজিতের মতো শিল্পীরা এই কনসার্টে গান গাইবেন। জেমস, সোলস, দলছুট, এলআরবি, চিরকুট, জলের গান, লালন, ভাইকিংস ও শূন্যের মতো ব্যান্ড দলগুলোও অংশ নেবে কনসার্টে।
 
জানা গেছে, সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার লক্ষ্যেই এ আয়োজন। কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্য ভিডিওচিত্র দেখানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর ১০টি ‘বিশেষ’ উদ্যোগের ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। জেলা পর্যায়ে এ ‘উন্নয়ন কনসার্ট’ ১  সেপ্টেম্বর নরসিংদী থেকে শুরু হয়েছে, আগামী ২৭ অক্টোবর নীলফামারীতে শেষ হবে।
 
মানিকগঞ্জে ৬ সেপ্টেম্বর, কুমিল্লায় ৮ সেপ্টেম্বর, লক্ষ্মীপুরে ১৩ সেপ্টেম্বর, নোয়াখালীতে ১৫ সেপ্টেম্বর, নেত্রকোনায় ২০ সেপ্টেম্বর, টাঙ্গাইলে ২২ সেপ্টেম্বর, সিরাজগঞ্জে ২৭ সেপ্টেম্বর, কুষ্টিয়ায় ২৯ সেপ্টেম্বর, ঝিনাইদহে ৪ অক্টোবর, চুয়াডাঙ্গায় ৬ অক্টোবর, খুলনায় ৯ অক্টোবর, ভোলায় ১১ অক্টোবর, রাজবাড়ীতে ১৩ অক্টোবর, জয়পুরহাটে ১৬ অক্টোবর, পঞ্চগড়ে ১৮ অক্টোবর, চাঁপাইনবাবগঞ্জে ২০ অক্টোবর, গাইবান্ধায় ২৩ অক্টোবর ও কুড়িগ্রামে ২৫ অক্টোবর এই কনসার্ট হবে।
 
কনসার্ট সফল করার লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিডিএলজি ড. এটিএম মাহবুব উল করীম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সিনিয়র সহকারী কমিশনার লুবনা ফারজানা প্রমুখ। কনসার্ট স্থাপনা করেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মনির খান শিমুল ও অভিনেত্রী তানিয়া হোসেন। 
 
ইত্তেফাক/এমআই