খাগড়াছড়ি দীঘিনালায় স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরা খুনের ঘটনায় সন্দেহভাজন আসামি রমেন্দ্র ত্রিপুরা ওরফে শান্তকে (৩২) আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার লারমা স্কোয়ার থেকে তাকে আটক করা হয়।
শান্ত ত্রিপুরা জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত যুব সমিতির সদস্য।
শান্ত ত্রিপুরাকে আটকের পরে দীঘিনালা সড়কে বেশ কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছে জনসংহতি সমিতি। বিক্ষোভ শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা আটককৃত যুব সমিতি সদস্য শান্তকে মুক্তি না দেয়া পর্যন্ত দীঘিনালা-খাগড়াছড়ি আন্ত:সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিলেও পরে প্রত্যাহার করে নিয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুস সামাদ জানান, গত ২৭ জুলাই উপজেলার নয়মাইলে পঞ্চম শ্রেণির ছাত্রী কৃত্তিকা ত্রিপুরা ওরফে পুনাতিকে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের কিছু তথ্য প্রমাণ থাকায় সন্দেহভাজন রমেন্দ্র ত্রিপুরা ওরফে শান্তকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ