নব বিবাহিত দম্পতির একটি অতি কাঙ্ক্ষিত মুহূর্ত হানিমুন। হানিমুনকে স্মরণীয় করে রাখতে কতজনে কতকিছুই না করে! হানিমুন উদযাপনে এবার পুরো ট্রেনকে ভাড়া করলো এক দম্পতি। সম্প্রতি এমন অদ্ভূত কাজটি করেছে বৃটিশ এক দম্পতি।
গ্রাহাম উইলিয়াম লিন(৩০) এবং সিলভিয়া প্লাসিক(২৭) সম্প্রতি বিয়ে করেছে। হানিমুনকে স্পেশাল ও স্মরণীয় করে রাখতে দক্ষিন ভারতের একটি পুরো ট্রেনকে ভাড়া করে তারা। ভারতীয় পর্যটকের ওয়েবসাইট থেকে তারা ট্রেনটি ভাড়া করেন। তাদের গন্তব্য ছিলো নীলগিরি পর্বত। এজন্যে তাদের খরচ করতে হয়েছে ৩ লাখ ভারতীয় রুপী।
সংবাদমাধ্যমে লিন বলেন, হানিমুনের পরিকল্পনার জন্যে অনেকদিন থেকেই ভাবছিলাম। হুট করে ভাবলাম এর জন্য একটা স্টিমইঞ্জিন ভাড়া করব। গোটা ট্রেনটাই হবে আমাদের। খুবই রোমান্টিক ব্যাপার বলে মনে হচ্ছিলো। আর এতে সায়ও দেয় সিলভিয়া।
গত শুক্রবার ছিলো ওই দম্পতির কাংখিত হানিমুনের ট্রেন যাত্রা। সকাল ৯.১০ মেট্টুপালায়াম থেকে ট্রেনটি ছাড়লে দুপুর ২.৪০ পৌঁছায় উধাগামান্দালাম। ওই দম্পতি সেখানে নীলগিরি পর্বতে অবস্থান করেন।
অন্যদিকে ওই রেলস্টেশনের কর্তৃপক্ষও তাদের উষ্ণ অভিনন্দন জানাতে করেছিলো নানা আয়োজন। ভারতীয় রেলে এটি এ ধরনের প্রথম ঘটনা।
ইত্তেফাক/এসআর/টিএস