ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা

জামালপুর সদর উপজেলা ও  শেরপুরের নকলা উপজেলার সীমান্ত দিয়ে ঘেঁষে যাওয়া ব্রহ্মপুত্র নদের জামতলী ডিগ্রিরচর ঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর রবিবার দুপুরে দু-জেলার বিভিন্ন এলাকা থেকে নানার রঙের ভিন্ন নামে সুসজ্জিত ১৭টি নৌকা এতে অংশগ্রহণ করে। 
 
ছুটির দিনে দুপুরের প্রচণ্ড রোদ আর বিকেলের বৃষ্টি উপেক্ষা করে সব বয়সের নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল। এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মারুফা আক্তার পপি। 
 
মো. আসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা। বিশেষ অতিথি হিসেবে জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম (বার), নকলা উপজেলার ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সাজু সাঈদ সিদ্দিকী, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
খেলায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নৌকাদল চ্যাম্পিয়ন হয়। এসময় খেলা উপভোগ করতে নদের দুই ধারে নারী পুরুষসহ লাখো মানুষের সমাগম দেখা যায়।
 
ইত্তেফাক/জেডএইচ