কুড়িগ্রামের উলিপুরে বালু ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সাহেদুর রহমান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার রাত ৮টার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের হেলিপ্যাড নামক স্থানে।
নিহতের শ্যালক নয়া মিয়া জানান, সাহেদুর রহমানসহ তারা কুড়িগ্রাম থেকে নতুন রিকশা কিনে বাড়ি ফিরছিল। কুড়িগ্রাম-উলিপুর সড়কের হেলিপ্যাড নামকস্থানে পৌঁছিলে বিপরীত দিকে থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টর কুড়িগ্রামগামী একটি নাইট কোচকে ওভারটেক করার সময় তাদের রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশায় বসা সাইেদুল রহমান ছিটকে পড়লে সে ট্রাক্টরের চাকা পিষ্ট হয়। উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সাহেদুর রহমানকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম সরদার একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অপর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ