আড়াইহাজারে মসজিদের ইমাম রাখাকে কেন্দ্র করে ২ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আলীসাদী কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। সংঘর্ষে আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের মসজিদের ইমাম হিসেবে নামাজ পড়াচ্ছেন শফিকুল ইসলাম নামের এক লোক। মুসল্লী আবুল কাশেম শহিদুল্লার নিকট ইমামের বেতন চাওয়ায় শহিদুল্লাহ এবং কাসেমের মধ্য তর্ক হয়। রবিবার রাতে শহিদুল্লার লোকজন আবুল কাশেমের ছেলে আনোয়ারকে পিটিয়ে আহত করে। এরই জের ধরে সকালে শহিদুল্লার লোকেরা আবোরো কাশেমের লোকদের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।
কাশেম অভিযোগ করেন, সংঘর্ষ চলাকালে শহিদুল্লাহর লোকজন পার্শ্ববর্তী কাদির দিয়া গ্রামের লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। দোকান ও বাড়িঘর ভাংচুর, লুটপাট করে। আহতদের বেশীর ভাগই কাশেমের লোক বলে জানা গেছে।
আহতরা হলো, আবুল কাশেম, আরিফ, হৃদয়, নাদিয়া, আনোয়ার হোসেন, শরিফা, শরিফ, ইতি আক্তার, মান্নান, মোবাবরক পারুল ও মোস্তফা। এদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েঝে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/নূহু