সেনবাগে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার রাস্তারমাথা নামক স্থানে পিকআপ ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।  দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশার চালক ছাড়া বাকিরা একই পরিবারের সদস্য।
 
পুলিশ জানায়, নিহতরা হলেন, সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের খাঁন পাড়ার ঈমান আলী খানের স্ত্রী ফিরোজা বেগম (৬০) ও ছেলে কুয়েত প্রবাসী মোহন খান (৩৫)। নিহত একজনের নাম জানা যায়নি।
 
আহতরা হলেন, নিহত মোহনের স্ত্রী বিবি মর্জিনা শিমু (২৬) ও ছেলে মিরন খান (৭), দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ছিদ্দিক উল্লার ছেলে সিএনজি চালক আবু তাহের (২৫), ডমুরুয়া গ্রামের পিকআপ আরোহী মাসুদ (৩৫) ও চালক অজ্ঞাত (৪০)।
 
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সেনবাগ ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও বেগমগঞ্জ এবং সোনাইমুড়ি দমকল বাহিনীর তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে, এর আগেই হতাহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে মোহন ঘটনাস্থলে এবং ফিরোজা বেগম সেনবাগ হাসপাতালে এবং অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
 
স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ফার্নিচার বহনকারী একটি হলুদ পিকআপ নং ঢাকা মেট্টো নং-১৫-৪৫৮৬-এর সঙ্গে সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট বাজার থেকে ছেড়ে আসা নাম্বারবিহীন একটি সিএনজিচালিত অটোরিক্সাটি সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে পৌঁছুলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
 
নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন জানান, সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর হাবিদার বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ওই স্থানে পৌঁছলে এই দুর্ঘটনার কবলে পড়ে।
 
ইত্তেফাক/নূহু