টাঙ্গাইলের মির্জাপুরে হঠাৎ করেই বেড়ে গেছে জুয়া ও মাদক ব্যবসা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ কাজে খানিকটা ব্যস্ত থাকায় মাদক ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগাছে বলে অভিযোগ উঠেছে। বেশ কিছু দিন ধরেই বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে বেড়েছে চুরি-ছিনতাইও। সোমবার উপজেলার বেশ কিছু এলাকায় ঘুরে ও লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
জানা গেছে, মাদকের ঘাঁটি হিসেবে পরিচিত পৌরসভা, জামুর্কি, মহেড়া, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোঁড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের পাড়া মহল্লায় এক সময় মাদকের আখড়া নামে পরিচিত ছিল। এসব স্পটে মাদকের পাশাপাশি জুয়ার মজমাও বসত। গত তিন মাসের ব্যবধানে পুলিশের সফল অভিযানে মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল।সেই সঙ্গে অনেক মাদক কারবারি ও জুয়াড়িরা এলাকা থেকে সটকে পরেছিল। কিন্তু ঈদুল আজহার আগ মুহূর্ত থেকে উপজেলার পৌরসভা, ভাওড়া, ঘুগি, ভাদগ্রাম, জামুর্কি, বানাইল, ওয়ার্শি, বহুরিয়া, আনাইতারা, মহেড়া, ফতেপুর, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন স্পটে মাদক ও জুয়া হঠাৎ করেই বেড়ে গিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক মিজান বলেন, মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মাদক ও জুয়াকে জিরো টলারেন্স ঘোষণা করে অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন এলাকায় পুলিশ ও মাদক নির্মূল কমিটির সহায়তায় জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সভা সমাবেশ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ইত্তেফাক/বিএএফ