নাটোরের সিংড়ায় জমি থেকে বরুন চন্দ্র সরকার (৪১) নামে এক ব্যাটারিচালিত ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম একটি ধানের জমি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। বরুন সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের সরমুজা গ্রামের মৃত রমনী চন্দ্র সরকারের ছেলে এবং চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত ভ্যান চালতো। লাশটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার বিকেল ভাড়া নিয়ে বাড়ি থেকে বের হয় বরুন। পরে রাতে আর বাড়ি ফিরেনি। সোমবার দুপুরে বড় চৌগ্রামে একটি ধানের জমির ভেতরে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
সিংড়া থানার প্রধান কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু