মরফিনের চেয়ে ভয়ংকর ব্রুপেনোরফিনের ২৮টি ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী এক অভিযান চালিয়ে মঙ্গলবার ২৮ পিচ ব্রুপেনোরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
র‌্যাব সূত্র জানায়, আটক মাদক ব্যবসায়ী হচ্ছেন বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার আদর্শপাড়ার রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন (২৮)। গোপন সংবাদে খবর পেয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়েরের নেতৃত্বে  অভিযান চালায় র‌্যাব সদস্যরা। জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর এলাকার জনৈক বেলাল চৌধুরীর ইটভাটার সামনে রাস্তায় অভিযান চালিয়ে আলমগীরকে আটক করা হয়।  
 
মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেশাজাতীয় ব্রুপেনোরফিন ইঞ্জেকশন অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু