রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলা মামলার আসামিপক্ষে যুক্তিতর্ক শেষ হচ্ছে বুধবার।
এ পর্যন্ত মামলায় ৪৪ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়েছে। আজ আসামি লুৎফুজ্জামান বাবরের পক্ষে আইনি পয়েন্টে যুক্তি পেশ করেছেন আইনজীবী এস এম শাহজাহান। বুধবার বাবরের পক্ষে আইনি পয়েন্টে যুক্তিতর্ক পেশ শেষ হবে বলে জানান তার আইনজীবী। এ যুক্তিতর্ক পেশের মধ্য দিয়ে আসামিপক্ষে কাল যুক্তিতর্ক পেশ শেষ হবে। এর আগে আসামি বাবরের পক্ষে সাক্ষ্য তথ্য-প্রমাণের (ফ্যাক্টস) ভিত্তিতে যুক্তিতর্ক উপস্থাপন ২৯ আগস্ট শেষ হয়েছে।
রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে একুশে আগস্টের ঘটনায় আনা পৃথক মামলায় একই সঙ্গে বিচার চলছে। কালও মামলার দিন ধার্য রয়েছে।
২১ আগস্টের ঘটনায় পৃথক মামলায় মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে ৩ জন আসামির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ৩ আসামি হলেন- জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান ও শরীফ সাহেদুল আলম বিপুল। এখন ৪৯ আসামির বিচার চলছে। এর মধ্যে এখনো ১৮ জন পলাতক। আসামিদের মধ্যে ৪৫ জনের যুক্তিতর্ক পেশ হবে। ইতোমধ্যে ৪৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে।
ইত্তেফাক/এমআই