স্ত্রীর লাশ ঘরে রেখে পালিয়েছে স্বামী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামীর নির্যাতনে সুর্বণা খাতুন (২৩) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনার পর লাশ ঘরে তালাবদ্ধ করে পালিয়েছে স্বামী ও বাড়ির লোকজন। গত সোমবার রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দামগাড়ী গ্রামের এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি  উদ্ধার করেছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, দামগাড়ী গ্রামের সুমন মিয়ার সঙ্গে ৪/৫ বছর আগে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পদ্মপুকুর গামের আব্দুস সোবাহান আলীর কন্যা সুবর্ণা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবি করে আসছিল সুমন মিয়া। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় উভয়ের মধ্যে। একাধিকবার এ বিষয় নিয়ে পারিবারিকভাবে সালিশের আয়োজন করা হয়।
 
গত  সোমবার দিবাগত রাতে স্বামী সুমন মিয়া স্ত্রী সুবর্ণাকে বেদম মারপিট করে। এর এক পর্যায়ে রাতের কোন এক সময়ে সূর্বণা মারা গেলে তাকে ঘরে তালাবদ্ধ করে স্বামী সুমন মিয়া  ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। সকালে বাড়িতে কাউকে না পেয়ে ঘর তালাবদ্ধ দেখে প্রতিবেশীরা গ্রামপুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সুর্বণার মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
 
গোবিন্দগঞ্জ থানার প্রধান কর্মকর্তা মুজিবুর রহমান পিপিএম জানান, লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে মুত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/নূহু